সারা দেশের মতো ফেনীতেও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
আটক ও জরিমানা
ভোট শুরুর আগে রাতভর জেলায় বিভিন্ন অভিযোগ ও পাল্টা অভিযোগের গুঞ্জন থাকলেও সকালে কেন্দ্রগুলোতে বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে গত রাতে ছাগলনাইয়া উপজেলার একটি কেন্দ্র থেকে ১৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রার্থী ও আসন চিত্র
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ফেনীর তিনটি সংসদীয় আসনে এবার মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ফেনী-১ আসনে ৭ জন, ফেনী-২ আসনে ১১ জন এবং ফেনী-৩ আসনে ৮ জন প্রার্থী জয়ের লক্ষ্যে লড়ছেন। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।