রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ভিন্ন চিত্র: অধিকাংশ কেন্দ্র ভোটারশূন্য, নেই আমেজ

নিজস্ব প্রতিবেদক / ৫৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে যখন উৎসবমুখর পরিবেশ, তখন সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে গোপালগঞ্জে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা ও আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জনপদে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টও দেখা যায়নি।

কেন এই পরিস্থিতি?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান ও সমাধিস্থল টুঙ্গিপাড়া হওয়ায় গোপালগঞ্জ-৩ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে সব নির্বাচনেই এখান থেকে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়েছে। কিন্তু এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবং দলটি নির্বাচনে অংশ নিতে না পারায় স্থানীয় ভোটারদের মধ্যে ভোট নিয়ে তেমন আগ্রহ নেই। যদিও মামলা ও গ্রেফতার আতঙ্কে স্থানীয় নেতারা প্রকাশ্যে কোনো কর্মসূচি দেননি, তবুও আওয়ামী লীগের ভোট বর্জনের ডাক এখানে নীরবে কার্যকর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সরেজমিন চিত্র

সকাল ৭টায় টুঙ্গিপাড়ার ডিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রিজাইডিং ও পোলিং অফিসাররা প্রস্তুত থাকলেও ভোটারদের দেখা নেই। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৪০ জন, যার মধ্যে নারী ভোটার ১ হাজার ২৪০ জন। অথচ ভোট শুরুর প্রথম প্রহরে উপস্থিতি ছিল শূন্যের কোঠায়।

এজেন্টদের আশা ও নিরাপত্তা

কেন্দ্রগুলোতে ভোটার খরা থাকলেও প্রার্থীদের এজেন্টরা আশাবাদী। তাদের মতে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে। দিনশেষে অন্তত ৫০ শতাংশ ভোট কাস্ট হতে পারে বলে তারা ধারণা করছেন। এদিকে ভোটের পরিবেশ শান্ত রাখতে জেলাজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

পরিসংখ্যান

গোপালগঞ্জ জেলার তিনটি (১, ২ ও ৩) আসন মিলে মোট ভোটারের সংখ্যা প্রায় ১০ লাখ। এর মধ্যে শুধু গোপালগঞ্জ-৩ আসনেই ভোটার প্রায় ৩ লাখ। বিপুল সংখ্যক ভোটার থাকলেও এবারের নির্বাচনে তাদের অনাগ্রহ স্পষ্ট হয়ে উঠেছে।


এ জাতীয় আরো খবর...