অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আশাবাদ ব্যক্ত করেছেন যে, এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা
ভোট দেওয়া শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ চাইলে এবার একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর নির্বাচন হবে। আমরা যেন সবাই মিলে দিনটি আনন্দের সঙ্গে উদযাপন করতে পারি, সেটাই আমাদের কাম্য।”
অনিয়ম ও কেন্দ্র দখল প্রসঙ্গে
একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়ার অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এবারের নির্বাচনে একজনের ভোট অন্যজনের দেওয়ার সম্ভাবনা খুবই কম। এরপরও যদি এমন কোনো অভিযোগ থাকে, তবে ভিডিও প্রমাণ দিন; আমরা বিষয়টি খতিয়ে দেখব।”
এছাড়া কেন্দ্র দখলের কোনো খবর এখন পর্যন্ত তাদের কাছে আসেনি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।