রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

ফেনীতে এবি পার্টির প্রার্থী মঞ্জুর ওপর হামলার চেষ্টা, এজেন্টের গাড়ি ভাঙচুর

ফেনী প্রতিনিধি / ৫৬ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ফেনী সদর আসনে এবি পার্টির চেয়ারম্যান ও ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাঁর প্রধান নির্বাচনী এজেন্টের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছে এবি পার্টি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লেমুয়া ইউনিয়ন ও ধর্মপুর এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রার্থীর ওপর হামলার চেষ্টা

এবি পার্টি ফেনী শাখার মিডিয়া সম্পাদক হাবিব মিয়াজী অভিযোগ করেন, দুপুরে লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান মজিবুর রহমান মঞ্জু। এ সময় স্থানীয় বিএনপি কর্মী আব্দুল হান্নান ও শহিদের নেতৃত্বে একদল কর্মী অশালীন মন্তব্য করতে থাকে এবং একপর্যায়ে মঞ্জুর দিকে তেড়ে আসে। উপস্থিত ঈগল প্রতীকের সমর্থকরা মানবঢাল তৈরি করে তাঁকে রক্ষা করেন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তালহা নামে এক ঈগল সমর্থককে বেধড়ক মারধর করা হয়।

এজেন্টের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

অন্যদিকে, ধর্মপুরের জোয়ার কাছাড় কেন্দ্রে মজিবুর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনী এজেন্ট আ ন ম আব্দুর রহিমের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতা জামাই কামরুলের নেতৃত্বে এই হামলায় আব্দুর রহিম আহত হন এবং তাঁর গাড়িটি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অন্যান্য স্থানে সহিংসতা

এছাড়া পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহিগঞ্জে ঈগল প্রতীকের বেশ কয়েকজন সমর্থক হামলার শিকার হয়েছেন। শর্শদী ইউনিয়নের ঘাগরা এবং ফরহাদনগরের কালিদাস উচ্চ বিদ্যালয় এলাকায় স্থানীয় জামায়াতের এক নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করার খবর পাওয়া গেছে।

প্রশাসন ও অভিযুক্তদের বক্তব্য

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি নেতাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এ জাতীয় আরো খবর...