কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটের ফলাফলে বড় চমক দেখালেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এখন পর্যন্ত ঘোষিত চারটি কেন্দ্রের ফলাফলে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে রয়েছেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, একটি নির্দিষ্ট কেন্দ্রে হাসনাতের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন একটি ভোটও পাননি।
প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, হাসনাত আব্দুল্লাহ তাঁর নিজ কেন্দ্র গোপাল নগরে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছেন। সেখানে তিনি পেয়েছেন ৩০৮৪ ভোট, বিপরীতে জসিম উদ্দিনের ঝুলিতে পড়েছে বড় একটি ‘শূন্য’।
অন্যান্য কেন্দ্রের চিত্রও প্রায় একই। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে হাসনাত পেয়েছেন ১৩৮৩ ভোট (জসিম ৪৮০), নবীপুর কেন্দ্রে ১১৪৪ ভোট (জসিম ৭২) এবং মহেশপুর কেন্দ্রে ২২৮০ ভোট (জসিম ২৬৬)। সব মিলিয়ে এই চার কেন্দ্রে হাসনাত আব্দুল্লাহর প্রাপ্ত ভোট ৭৮৯২, যেখানে জসিম উদ্দিন পেয়েছেন মাত্র ৮১৮ ভোট।
এদিকে, ভোটের ফলাফলের এই বিপর্যয়ের আগেই অবশ্য মাঠ ছেড়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন। বৃহস্পতিবার বিকেল ৫টায়, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ফেসবুক লাইভে এসে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। লাইভে তিনি অভিযোগ করেন, “এটি একটি প্রহসনের নির্বাচন। আমার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, সাধারণ ভোটারদের বাধা দেওয়া হয়েছে এবং জোরপূর্বক সিল মারা হয়েছে।”
উল্লেখ্য, দেবিদ্বারের এই রাজনীতির সমীকরণ পাল্টে গিয়েছিল নির্বাচনের ঠিক আগে। এই আসনে বিএনপির মূল প্রার্থী ছিলেন সাবেক চারবারের এমপি মঞ্জুরুল আহসান মুন্সী। কিন্তু ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগে হাসনাত আব্দুল্লাহর করা আপিলে নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করে। আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত গিয়েও গত ১ ফেব্রুয়ারি বিফল হন মুন্সী। ফলে গত ৪ ফেব্রুয়ারি বিএনপি তাদের সমর্থন ট্রাক প্রতীকের জসিম উদ্দিনকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ভোটের মাঠে সেই সমর্থনের প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না।