নির্বাচনে পরাজিত হয়েও রাজনৈতিক শিষ্টাচার ও সৌহার্দ্যের বিরল এক নজির স্থাপন করলেন পঞ্চগড়-১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। ফলাফল ঘোষণার পরপরই তিনি বিজয়ী প্রার্থী নওশাদ জমিরকে অভিনন্দন জানাতে ছুটে যান জেলা প্রশাসকের কার্যালয়ে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সৌহার্দ্যপূর্ণ দৃশ্য দেখা যায়।
রাজনৈতিক শিষ্টাচারের বার্তা
বিজয়ীকে অভিনন্দন জানিয়ে সারজিস আলম বলেন, “আমরা পঞ্চগড়-১ আসনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি। জনগণ যদি কাউকে এক ভোটেও এগিয়ে রাখে, তবে তাকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই শ্রদ্ধাবোধ থেকেই আমি নিজে এসে তাকে অভিনন্দন জানিয়েছি।”
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।
উন্নয়নে সহযোগিতার আশ্বাস
পঞ্চগড়কে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সারজিস বলেন, “দিনশেষে আমাদের লক্ষ্য একটাই—পঞ্চগড়কে এগিয়ে নেওয়া। আগামী পাঁচ বছরে নবনির্বাচিত সংসদ সদস্য ভালো কোনো উদ্যোগ নিলে এনসিপি ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।” একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, যৌক্তিক যেকোনো বিষয়ে তার দল ও নেতাকর্মীরাও বিজয়ী প্রার্থীর সহযোগিতা পাবেন।
কৃতজ্ঞতা ও অভিনন্দন
সারজিস আলম পঞ্চগড়-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকেও অভিনন্দন জানান। এছাড়া দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।