ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলেও ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে ভোটারদের ধন্যবাদ জানানোর পাশাপাশি নির্বাচনের ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে।
কৃতজ্ঞতা ও অসন্তোষ
ফেসবুক পোস্টে বলা হয়, “প্রিয় দেশবাসী, সারাদিন অত্যন্ত ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যায় ভোট প্রদান করার জন্য আমরা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আমরা সন্তুষ্ট নই।”
সুনির্দিষ্ট ৪ অভিযোগ
ফলাফল ঘোষণার প্রক্রিয়া কেন প্রশ্নবিদ্ধ, সে বিষয়ে জামায়াতের পক্ষ থেকে চারটি সুনির্দিষ্ট অভিযোগ ও সন্দেহের কথা উল্লেখ করা হয়েছে:
১. সন্দেহজনক পরাজয়: বিভিন্ন আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের অত্যন্ত অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত দেখানো হয়েছে।
২. ফলাফলে গড়মিল: বেসরকারি ফলাফল ঘোষণায় বারবার অসঙ্গতি ও গড়মিল লক্ষ্য করা গেছে।
৩. ইসির অনীহা: নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ভোটার উপস্থিতির সঠিক হার প্রকাশে অনীহা দেখা গেছে।
৪. প্রশাসনিক পক্ষপাতিত্ব: প্রশাসনের একটি অংশের নির্দিষ্ট ‘বড় একটি দলের’ প্রতি পক্ষপাতিত্বের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে।
নেতাকর্মীদের প্রতি নির্দেশনা
বিবৃতিতে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের এখনই হতাশ না হয়ে আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, “একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়বিচারের জন্য আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।”