ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথবাক্য পাঠ করাবেন সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এই দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গভবন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়, ইতোমধ্যেই তাকে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে।
কেন সাবেক প্রধান বিচারপতি?
সংবিধান অনুযায়ী, সাধারণত নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান স্পিকার। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার এই দায়িত্ব পালন করেন। কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। অন্যদিকে, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাবন্দি ও দণ্ডিত।
এ পরিস্থিতিতে শপথ কে পড়াবেন—তা নিয়ে আইনি জটিলতা দেখা দেয়। গত ৫ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছিলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ পড়াতে পারেন। সেই সাংবিধানিক বিধান মেনেই ড. সৈয়দ রেফাত আহমেদকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
আইন উপদেষ্টার ব্যাখ্যা
এর আগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছিলেন, “আমাদের আইনে আছে, স্পিকার ও ডেপুটি স্পিকার যদি শপথ গ্রহণ করাতে না পারেন, তাহলে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি শপথ পড়াবেন। আর যদি তিন দিনের মধ্যে এভাবে শপথ না হয়, তবে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারবেন।” তিনি আরও উল্লেখ করেছিলেন, বর্তমান পরিস্থিতিতে সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারকে দিয়ে শপথ পড়ানোর কোনো সুযোগ নেই।
শপথ ও সরকার গঠনের সম্ভাব্য সময়সূচি
অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি (সোমবার) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। এর পরদিন, ১৭ ফেব্রুয়ারি বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা রয়েছে।
নিয়ম অনুযায়ী, এমপিদের শপথ গ্রহণের পরপরই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপিকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি।