ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিলেও সংসদে নিজেদের আসন নিশ্চিত করতে পেরেছে মাত্র ১০টি দল। বাকি ৪০টি দলই ফিরছে শূন্য হাতে। বেসরকারি ফলাফলে দেখা গেছে, সিংহভাগ আসনই নিজেদের দখলে নিয়েছে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে জয়ের মিছিলের ভিড়েও আলোচনায় উঠে এসেছে বেশ কয়েকজন হেভিওয়েট ও তারকা প্রার্থীর অপ্রত্যাশিত পরাজয়ের খবর।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে বেশ কিছু আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আবার কোথাও জামানত হারিয়েছেন জাতীয় নেতারা।
জামায়াত ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের হার
খুলনা-৫ আসনে মাত্র ২ হাজার ৭০২ ভোটের ব্যবধানে হেরেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট, যেখানে বিএনপির মোহাম্মদ আলী আসগার ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
অন্যদিকে, বরিশাল-৫ ও বরিশাল-৬—দুটি আসনেই হেরেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। বরিশাল-৫ আসনে তিনি বিএনপির মজিবর রহমান সরোয়ারের কাছে এবং বরিশাল-৬ আসনে বিএনপির আবুল হোসেন খানের কাছে পরাজিত হন।
মান্নার জামানত বাজেয়াপ্ত, জিপির ভরাডুবি
বগুড়া-২ আসনে কেটলি প্রতীকে মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এই আসনে জয়ী হয়েছেন বিএনপির মীর শাহে আলম (১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট)। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের মাওলানা শাহাদাতুজ্জামান।
রংপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর কাছে বড় ব্যবধানে হেরে তৃতীয় হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের (৪৩,৩৮৫ ভোট)।
এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীদের ফলাফল
পঞ্চগড়-১ আসনে এনসিপির আলোচিত নেতা ও ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম শাপলা কলি প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ১২৬ ভোট পেয়েও শেষ রক্ষা করতে পারেননি। এখানে ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির নওশাদ জমির।
ঢাকা-৮ আসনে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে (৫৪,১২৭ ভোট) হারিয়ে জয়ী হয়েছেন বিএনপির মির্জা আব্বাস (৫৯,৩৬৬ ভোট)।
ঢাকা-৯ আসনে বিএনপির হাবিবুর রশিদের কাছে হেরেছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
মামুনুল হক ও হারুনুর রশীদের পরাজয়
ঢাকা-১৩ আসনে খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক (৮৩,৮৫১ ভোট) পরাজিত হয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজের কাছে। ববি হাজ্জাজ পেয়েছেন ৮৬ হাজার ৬৯৪ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির হেভিওয়েট নেতা ও সাবেক এমপি হারুনুর রশীদ হারুনকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন জামায়াতের নুরুল ইসলাম বুলবুল।
এছাড়া ঝিনাইদহ-৪ আসনে বিএনপির রাশেদ খানকে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছেন জামায়াতের আবু তালিব।