ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দল-মত নির্বিশেষে সবার সহযোগিতায় একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
জাতীয় ঐক্য ও ভিন্নমতের গুরুত্ব
লিখিত বক্তব্যে তারেক রহমান বলেন, “দেশে গণতান্ত্রিক জনগণের প্রতি আমার আহ্বান—আসুন, যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম, একইভাবে এবার দুর্নীতি রোধ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশকে একটি নিরাপদ ও মানবিক দেশ হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রাখি। এই যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্নমতের সবার সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “আমাদের পথ ও মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।”
চ্যালেঞ্জ ও আগামীর লক্ষ্য
নির্বাচনের ফলাফলকে ‘গণতন্ত্র ও বাংলাদেশের বিজয়’ হিসেবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, “শত প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছি। তবে ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হচ্ছে।” তিনি বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন এবং জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে পালনের অঙ্গীকার করেন।
খালেদা জিয়ার অনুপস্থিতি ও নেতাকর্মীদের প্রতি বার্তা
সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, “এমন আনন্দঘন মুহূর্তে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদের ভারাক্রান্ত করেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে কখনো মাথা নত করেননি।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শত উসকানিতেও আপনারা শান্ত ছিলেন। কোনো অপশক্তি যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেজন্য বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছিলাম। মনে রাখবেন, কোনো অজুহাত দেখিয়েই দুর্বলের ওপর সবলের আক্রমণ বরদাশত করা হবে না। ন্যায়পরায়ণতাই হবে আমাদের আদর্শ।”
ধন্যবাদ জ্ঞাপন ও ‘ইঞ্জিনিয়ারিং’ প্রসঙ্গ
সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান তারেক রহমান। তিনি ’৭১-এর স্বাধীনতা যুদ্ধ থেকে ’২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে—বিএনপির বিজয়ে কোনো ‘ইঞ্জিনিয়ারিং’ ছিল কি না—উত্তরে তারেক রহমান বলেন, “জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের ইঞ্জিনিয়ারিংটা ছিল জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, আর সেটাতে আমরা সফল হয়েছি।”