ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এখন সরকার গঠনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এর মধ্যেই রাজনৈতিক অঙ্গনে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে—কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি? দলের নির্ভরযোগ্য সূত্র ও গুলশান কার্যালয়ের আভাস অনুযায়ী, এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন বিএনপির মহাসচিব ও বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কেন আলোচনায় ফখরুল?
নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান মির্জা ফখরুল। এরপর থেকেই গুঞ্জন জোরালো হয় যে, দলের এই ত্যাগী ও পরীক্ষিত নেতাকেই রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ সাংবিধানিক পদে দেখতে চায় হাইকমান্ড। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, স্বচ্ছ ভাবমূর্তি, প্রশাসনিক অভিজ্ঞতা এবং সব মহলে গ্রহণযোগ্যতা তাকে এই পদের জন্য ‘লুজিক্যাল চয়েস’ বা যৌক্তিক প্রার্থী হিসেবে সামনে এনেছে।
শপথ ও সাংবিধানিক বাধ্যবাধকতা
আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। একই দিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ পড়ানোর দায়িত্ব রাষ্ট্রপতির। ফলে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় রাষ্ট্রপতির ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৭২ সালে বিসিএস (শিক্ষা) ক্যাডারে যোগ দিয়ে তিনি অধ্যাপনা শুরু করেন। তবে ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন।
পরবর্তীতে সরাসরি রাজনীতিতে এসে তিনি সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে বিএনপির মহাসচিব নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তার আপসহীন নেতৃত্ব এবং পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে তার পরিচিতি তাকে রাষ্ট্রপতি পদের জন্য অন্যতম যোগ্য প্রার্থী করে তুলেছে।