নিজেকে সাম্প্রদায়িক পরিচয়ে আবদ্ধ করতে নারাজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ভারতীয় সংবাদমাধ্যম ‘উইঅন’ (WION)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনো বিশেষ ধর্মের বা ‘হিন্দু আইনপ্রণেতা’ নন, বরং তিনি রাষ্ট্রের একজন আইনপ্রণেতা।
সাক্ষাৎকারে যা বললেন গয়েশ্বর
আজ রোববার প্রচারিত ওই সাক্ষাৎকারে উইঅন-এর সাংবাদিক সিদ্ধান্ত সিবাল তাকে প্রশ্ন করেন, “বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ রয়েছে। আপনি একজন হিন্দু আইনপ্রণেতা (লমেকার)। আপনি কীভাবে হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করবেন?”
এই প্রশ্নের জবাবে সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, “আমি হিন্দু আইনপ্রণেতা নই। আমি সংসদে নির্বাচিত আইনপ্রণেতা (সাংসদ)। আমার দায়িত্ব হচ্ছে হিন্দু, মুসলিমসহ সকলের জন্য আইন প্রণয়ন করা। সংবিধান অনুযায়ী, প্রত্যেকের সমান অধিকার রয়েছে।”
‘আমরা সংখ্যালঘুতে বিশ্বাসী নই’
সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাসী নন জানিয়ে তিনি আরও বলেন, “এটি সংখ্যালঘুর প্রশ্ন নয়। আমরা বিশ্বাস করি সকলেই ‘এ মাটির সন্তান’। সংবিধান অনুযায়ী হিন্দু-মুসলিম সবাই এক। আমাদেরকে এটি জোর দিয়ে বলতে হবে এবং তা নিশ্চিত করতে হবে। সরকারকে জনগণের স্বার্থে সংবিধানের এই সমঅধিকার প্রয়োগ করতে হবে।”