দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ডিসেম্বরে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মাত্র দেড় মাসের মাথায় অনুষ্ঠিত নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে তার দল। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী এই বিজয়ের পর তারেক রহমান এখন দক্ষিণ এশিয়ার এই দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার অপেক্ষায়। তবে এই যাত্রাপথ মসৃণ হবে না; তার সামনে রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভঙ্গুর অর্থনীতি মেরামতের কঠিন চ্যালেঞ্জ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক বিশ্লেষণী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংস্কার
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকারের প্রধান লক্ষ্য বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিবিসিকে বলেন, “গত এক যুগের বেশি সময় ধরে ভেঙে পড়া গণতন্ত্র ও অর্থনৈতিক অবস্থার পুনর্জাগরণ ঘটানোই এখন বিএনপির সবচেয়ে বড় লক্ষ্য।”
বিগত ১৫ বছরে শেখ হাসিনার শাসনামলে সেনাবাহিনী, আদালত, সিভিল সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক রাজনীতিকরণ হয়েছে। গুম-খুনের সংস্কৃতি এবং ২০২৪-এর অভ্যুত্থানে প্রায় ১,৪০০ মানুষের প্রাণহানির ক্ষত এখনো দগদগে। এসব প্রতিষ্ঠানে জনগণের আস্থা ফেরানো তারেক রহমানের জন্য অন্যতম বড় পরীক্ষা।
তারুণ্যের প্রত্যাশা ও অতীত অভিজ্ঞতা
আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক নাভীন মুরশিদ বিবিসিকে বলেন, “রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও জনগণ তাকে সুযোগ দিতে চায়। মানুষ নতুন ও ভালো কিছুর আশা দেখছে।”
তবে প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, অতীতের প্রতিশ্রুতি ভঙ্গের নজিরও বাংলাদেশে রয়েছে। তাই জুলাই অভ্যুত্থানের তরুণ প্রজন্ম নতুন সরকারের কাছ থেকে কেবল কথার ফুলঝুরি নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবাধিকার পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দেখতে চায়।
অর্থনীতির পাহাড়সম চ্যালেঞ্জ
আওয়ামী লীগ সরকারের আমলে জিডিপি বাড়লেও (২০০৬ সালে ৭১ বিলিয়ন থেকে ২০২২ সালে ৪২০ বিলিয়ন ডলার) জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বৈষম্য ও বেকারত্ব প্রকট আকার ধারণ করেছে। বর্তমানে যুব বেকারত্বের হার ১৩ দশমিক ৫ শতাংশ এবং প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে।
বিবিসি জানায়, উচ্চ মুদ্রাস্ফীতি, টাকার মান কমে যাওয়া এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে আমদানি ও শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রায় ৪ কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। এমন পরিস্থিতিতে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ ও নারীদের ভাতা প্রদানে প্রয়োজনীয় অর্থায়ন কীভাবে হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
প্রতিহিংসা নয়, ঐক্যের বার্তা
২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর যে সহিংসতা দেখা গিয়েছিল, এবার তার পুনরাবৃত্তি রোধে তারেক রহমান কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “প্রতিহিংসা কিছুই ফিরিয়ে আনবে না। আমরা যদি দেশ ও সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পারি, তাহলেই ভালো কিছু অর্জন সম্ভব।” ১৭ কোটি ৫০ লাখ মানুষের দেশে তিনি এখন ঐক্যের বাণী প্রচার করছেন।
কূটনৈতিক সম্পর্ক
বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, এশীয় আঞ্চলিক রাজনীতিতে নতুন সরকার কী অবস্থান নেয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসিনার পতনের পর ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকলেও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার হয়েছে। তবে নির্বাচনের পর ভারতীয় নেতারা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহের ইঙ্গিত দিয়েছেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া হবে তারেক রহমানের জন্য বড় এক পরীক্ষা।