শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

ফিরোজা না যমুনা—নতুন প্রধানমন্ত্রীর বাসভবন চূড়ান্ত হবে তারেক রহমানের সিদ্ধান্তে

নিজস্ব প্রতিবেদক / ৬৬ বার
প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

প্রধানমন্ত্রীর ঐতিহ্যবাহী বাসভবন ‘গণভবন’ এখন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন। ফলে প্রশ্ন উঠেছে, দেশের নতুন সরকারপ্রধান কোথায় থাকবেন? গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বর্তমান বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত রাখছে। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মায়ের স্মৃতিবিজড়িত গুলশানের বাসা ‘ফিরোজা’য় থাকবেন, নাকি নিরাপত্তাবেষ্টিত হেয়ার রোডের ‘যমুনা’কে বেছে নেবেন—তা নির্ভর করছে একান্তই তার সিদ্ধান্তের ওপর।

গুলশান নাকি হেয়ার রোড?

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন শেষে দেশে ফিরে তারেক রহমান বর্তমানে গুলশানে ফিরোজার পাশের ( ১৯৬ নম্বর) বাসায় অবস্থান করছেন। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর তিনিই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তিনি চাইলে গুলশানের নিজ বাসাতেই থাকতে পারেন।

তবে সরকারপ্রধানের ভিভিআইপি নিরাপত্তা এবং গুলশান আবাসিক এলাকা থেকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ ভবনের দূরত্ব বিবেচনায় ‘ফিরোজা’র বিকল্প ভাবা হচ্ছে। সেক্ষেত্রে কাঠামোগত সুবিধা, যাতায়াত ব্যবস্থা ও সর্বোচ্চ নিরাপত্তা বিবেচনায় হেয়ার রোডের ৩০ নম্বর ভবন ‘যমুনা’ই হতে পারে নতুন প্রধানমন্ত্রীর নতুন ঠিকানা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ বিগত তিনজন তত্ত্বাবধায়ক সরকারপ্রধান এই যমুনাতেই ছিলেন।

গণপূর্তের প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা

এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, ‘বর্তমানে প্রধান উপদেষ্টা যেখানে আছেন (যমুনা), সেটিই আপাতত প্রধানমন্ত্রীর বাসভবন হতে পারে বলে মনে করছি। তবে আমি নিশ্চিত নই। প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নেবেন তাঁর জন্য কোনটি উপযুক্ত হবে।’

এদিকে, গণভবনের পাশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জমিতে নতুন প্রধানমন্ত্রীর স্থায়ী বাসভবন নির্মাণের নকশা চূড়ান্ত করেছে গণপূর্ত মন্ত্রণালয়। নতুন সরকার অনুমোদন দিলে এর কাজ শুরু হবে, তবে দৃষ্টিনন্দন এই ভবন নির্মাণ শেষ হতে ২ থেকে ৩ বছর সময় লাগতে পারে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সংসদ ভবন চত্বরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার সিদ্ধান্ত নেওয়া হলেও নিরাপত্তা ঝুঁকিতে ডিসেম্বরে তা বাতিল করা হয়।

প্রস্তুত বিরোধীদলীয় নেতা ও মন্ত্রীদের বাসভবন

হেয়ার রোডে যমুনার পাশেই ২৯ নম্বর ভবনটি বিরোধীদলীয় নেতার জন্য নির্ধারিত। ব্রিটিশ আমলে নির্মিত এই বাড়িটি দীর্ঘ ২৫ বছর ফাঁকা ছিল। সবশেষ দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে এটি সংস্কার করা হয়। ১৯৯১-৯৬ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা এবং ১৯৯৬ সালে খালেদা জিয়া এই বাড়িতে ছিলেন। ২০০১ সালের পর থেকে আর কোনো বিরোধীদলীয় নেতা এখানে ওঠেননি।

অন্যদিকে, রাজধানীর মিন্টো রোড ও হেয়ার রোডে মন্ত্রীদের জন্য ১৫টি বাংলো বাড়ি এবং বেইলি রোডে মন্ত্রীদের তিনটি অ্যাপার্টমেন্টে ৩০ জনের থাকার ব্যবস্থা প্রস্তুত রেখেছে সরকার। তবে মন্ত্রীদের জন্য নির্ধারিত কিছু আবাসনে বর্তমানে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা বসবাস করায় মন্ত্রীদের আবাসন সংকট দেখা দেওয়ার শঙ্কাও রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবেশের পর ক্ষতিগ্রস্ত সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় ইতিমধ্যেই সংস্কার করা হয়েছে। সোমবার নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে গণঅভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশের নতুন যাত্রা।


এ জাতীয় আরো খবর...