ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ ও ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। জোটের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ মন্তব্য করেছেন, “নির্বাচনের সূচনা সুন্দর হলেও সমাপ্তি সুন্দর হয়নি।”
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় জোটের পক্ষ থেকে ৩২টি আসনে ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল পুনঃগণনার দাবি জানানো হয়।
কারচুপি ও ভীতিকর পরিবেশের অভিযোগ
হামিদুর রহমান আযাদ বলেন, “এবারের নির্বাচনে বড় ধরনের সহিংসতা দৃশ্যমান না হলেও ভোটকেন্দ্রের পরিবেশ ছিল অসুস্থ। প্রচুর জালভোট দেওয়া হয়েছে এবং কালো টাকার ব্যবহার হয়েছে। অনেক কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও ব্যালটে সিল মারার কাজে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, ভোটারদের ভয়ভীতি দেখানোয় ভোট পড়ার হার (কাস্টিং) কম হয়েছে। ১১ দলের পক্ষ থেকে কমিশনকে বারবার জানানো হলেও কোনো সন্তোষজনক পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
ফলাফল ও গেজেট নিয়ে আপত্তি
ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে জামায়াত নেতা বলেন, “পোলিং এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে এবং ফলাফলের শিটে ঘষামাজা ও ওভাররাইটিং (Overwriting) করা হয়েছে। আমরা ৩২টি আসন চিহ্নিত করেছি, যেখানে কারসাজি করে স্বল্প ভোটের ব্যবধানে আমাদের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে।”
গেজেট প্রকাশে তড়িঘড়ি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “১২ তারিখ নির্বাচন হলো আর ১৩ তারিখ রাতে গেজেট প্রকাশ করা হলো। এতে পঞ্চগড় বা টেকনাফের মতো দূর-দূরান্তের প্রার্থীরা অভিযোগ দায়ের করার সুযোগই পাননি।”
রাজপথে কর্মসূচির ডাক
নির্বাচনী অনিয়মের প্রতিবাদে আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। হামিদুর রহমান আযাদ বলেন, “জনআকাঙ্ক্ষার প্রতিফলন এই নির্বাচনে ঘটেনি। তবে জুলাই সনদ বাস্তবায়নে এবং দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।”