অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কী করবেন, তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। সেই কৌতূহলের জবাব দিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, রাষ্ট্রীয় দায়িত্ব হস্তান্তর শেষে প্রধান উপদেষ্টা তার বিশ্বব্যাপী চলমান সামাজিক কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত থাকবেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রেস সচিব এ তথ্য জানান। তিনি স্পষ্ট করেন, অন্য উপদেষ্টারাও দেশেই অবস্থান করবেন।
‘উপদেষ্টারা দেশের গর্বিত সন্তান’
ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, “উপদেষ্টারা দেশের গর্বিত সন্তান। তারা দেশের ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব শেষে তারা দেশেই থাকবেন এবং সরকারের বাইরে থেকেও নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করে যাবেন।”
পতাকাবাহী গাড়িতে গিয়ে ফিরবেন পতাকা ছাড়া
আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রটোকল নিয়েও কথা বলেন প্রেস সচিব। তিনি জানান, শপথ অনুষ্ঠানে যোগ দিতে বর্তমান উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে যাবেন। তবে নতুন সরকার শপথ নেওয়ার পর ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে জাতীয় পতাকা ছাড়া গাড়িতে।
‘ইতিহাসের সেরা বিরোধী দল’
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ইতিহাসের সেরা নির্বাচন’ হিসেবে অভিহিত করেন প্রেস সচিব। তিনি বলেন, “এই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে গুমের শিকার ব্যক্তি এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতারা বিরোধী দলে জায়গা করে নিয়েছেন। ফলে এটি ইতিহাসের সেরা বিরোধী দল হিসেবে গঠিত হয়েছে।”
বডি ওর্ন ক্যামেরায় নজরদারি ও পুলিশের ঘুরে দাঁড়ানো
ঐতিহাসিক ও সফল নির্বাচন আয়োজনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ ও আনসারসহ সব বাহিনীকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেন শফিকুল আলম।
তিনি বলেন, “এই নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের হারানো আত্মমর্যাদা ফিরে পেয়েছে। ভোটগ্রহণ চলাকালে প্রধান উপদেষ্টা নিজে পুলিশ সদর দপ্তরে বসে বডি ওর্ন ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে দেশের ১৭টি কেন্দ্র সরাসরি পর্যবেক্ষণ করেছেন এবং কথা বলেছেন।”