সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই এবার জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তারেক রহমান রাজধানীর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসভবনে পৌঁছান। এ সময় নাহিদ ইসলাম তাকে উষ্ণ স্বাগত জানান।
উপস্থিত ছিলেন যারা
সাক্ষাৎকালে বিএনপির চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, হুমায়ুন কবির এবং বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী।
অন্যদিকে, এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতারা।
ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান
এর আগে একই দিন সন্ধ্যা ৭টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে যান তারেক রহমান। সরকার গঠনের আগে শরিক ও আন্দোলনকারী নেতাদের সঙ্গে তারেক রহমানের এই ধারাবাহিক সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।