বাংলাদেশে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বিশ্বাসযোগ্য’ ও সুষ্ঠু উল্লেখ করে প্রশংসা করেছে জাপান। নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে দীর্ঘদিনের এই উন্নয়ন সহযোগী দেশটি।
দূতাবাসের বিবৃতি
ঢাকাস্থ জাপান দূতাবাসের এক বিবৃতিতে জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, “বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্বাসযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই।”
নেতৃত্বকে শুভেচ্ছা
বিবৃতিতে আরও বলা হয়, “আমরা সব রাজনৈতিক দল ও নেতাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে, বিএনপি ও এর চেয়ারম্যান তারেক রহমানকে তাদের এই বিজয়ের জন্য শুভেচ্ছা জানাই।”
সম্পর্ক ও ভবিষ্যৎ প্রত্যাশা
নতুন সরকার গঠন প্রক্রিয়া মসৃণ ও শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছে টোকিও। একইসঙ্গে দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। বিবৃতিতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঢাকা ও টোকিওর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে জাপানের অব্যাহত সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।