সরকার পরিবর্তনের সন্ধিক্ষণে প্রশাসনের শীর্ষ পদ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নাসিমুল গনি। তিনি এতদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে যা বলা হয়েছে
জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সচিবালয়ে পালাবদলের হাওয়া
এদিকে নতুন সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই সচিবালয়ে চলছে বিদায় ও বরণের আবহ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের শেষ কর্মদিবস ও বিদায়ী কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে, মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য অধিদপ্তর নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনে বিরামহীন কাজ করে যাচ্ছে।
প্রস্তুত মন্ত্রীদের আবাসন
নতুন সরকারের মন্ত্রীদের আবাসন নিয়েও প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ বিষয়ে বিদায়ী গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সোমবার জানিয়েছেন, নতুন মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ৩৭টি সরকারি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া নতুন প্রধানমন্ত্রী তার পছন্দমতো যেখানে অবস্থান করতে চাইবেন, সে অনুযায়ী দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।