দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গোপালগঞ্জ, মাদারীপুর ও নেত্রকোনায় ঘটা এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল সোমবার ও আগের দিন রোববার রাতে এসব দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ
গোপালগঞ্জ সদরে মোটরসাইকেলের ধাক্কায় ইখলাস খাঁ (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। পরে গতকাল সোমবার ভোররাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইখলাস সদর উপজেলার বনগ্রামের মোমরেজ খাঁর ছেলে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
মাদারীপুর
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় নিহত হন মো. হাবিব মোল্লা (৫০)। গতকাল সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোল চত্বর এলাকায় (ভাঙ্গাগামী লেনে) এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব মোল্লা উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের মেছের মোল্লার ছেলে।
শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নেত্রকোনা
নেত্রকোনার মদনে অটোরিকশার ধাক্কায় প্রদীপ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে মদন পৌর শহরের কেন্দুয়া সড়কের বৈশ্যপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রদীপ মদন বাজারের সুজন সরকারের ছেলে।
পুলিশ জানায়, একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী প্রদীপকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মদন থানার ওসি মো. হাসনাত জামান জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।