ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় ব্যাপক রদবদল ও চমক দেখা গেছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নিলেও দীর্ঘদিনের পরীক্ষিত ও হেভিওয়েট অনেক নেতা এই তালিকায় স্থান পাননি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া চূড়ান্ত তালিকায় দেখা যায়, অনেক সিনিয়র নেতা এবং জোটের আলোচিত মুখগুলো শেষ মুহূর্তে বাদ পড়েছেন।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে নিয়ে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জোর আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তারা ডাক পাননি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
ড. খন্দকার মোশাররফ হোসেন: বিএনপির স্থায়ী কমিটির এই জ্যেষ্ঠ সদস্যকে নিয়ে রাষ্ট্রপতি বা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের আলোচনা থাকলেও তিনি মন্ত্রিসভায় নেই।
ড. আব্দুল মঈন খান: সংসদীয় দলে এবং স্পিকার পদে তাঁর নাম আলোচিত হলেও মন্ত্রিসভার তালিকায় তাঁর নাম নেই।
গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাস: দলটির স্থায়ী কমিটির এই দুই প্রভাবশালী সদস্যও মন্ত্রিসভায় জায়গা পাননি।
রুহুল কবির রিজভী: দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে রাজপথ ও মিডিয়া সামলানো এই নেতাকে নিয়ে আলোচনা থাকলেও তিনি তালিকায় স্থান পাননি।
ড. ওসমান ফারুক ও আলতাফ হোসেন চৌধুরী: সাবেক এই দুই মন্ত্রীকে নিয়ে পুনরায় মন্ত্রিসভায় ফেরার গুঞ্জন ছিল।
লুৎফুজ্জামান বাবর: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল থাকলেও তিনি নতুন সরকারে ডাক পাননি।
জোটের শরিক এবং দলের মধ্যম সারির বেশ কয়েকজন প্রভাবশালী নেতাও শেষ মুহূর্তে ছিটকে গেছেন:
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ: জোটের অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে তাঁর নাম মন্ত্রীর তালিকায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছিল।
ড. রেজা কিবরিয়া: তাঁর মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি নিয়ে নানা গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি তালিকায় নেই।
খায়রুল কবির খোকন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন: দলের দুই প্রভাবশালী নেতা এবং আইনজীবী হিসেবে তাদের নাম আলোচনায় থাকলেও তারা শপথের ডাক পাননি।
ফজলুর রহমান: বিএনপির এই সিনিয়র নেতাও মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন।
বাদ পড়াদের ভিড়েও তারেক রহমানের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের প্রাধান্য দিয়ে গঠিত এই মন্ত্রিসভায় ৩ জন টেকনোক্র্যাট মন্ত্রী এবং ১ জন টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অভিজ্ঞদের দলের কাজে এবং নবীনদের সরকারের কাজে লাগানোর কৌশল থেকেই হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।