গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবনে আলাদা আলাদাভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎগুলোতে প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে তাঁদের নিজ নিজ সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকারী প্রতিনিধিদের মধ্যে ছিলেন:
ভুটানের প্রধানমন্ত্রী: দাশো শেরিং তোবগে।
তুরস্কের প্রতিনিধি: দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি।
পাকিস্তানের প্রতিনিধি: পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।
নেপালের প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।
শ্রীলঙ্কার প্রতিনিধি: স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা।
সাক্ষাৎকালে বিশ্বনেতৃবৃন্দ তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রায় আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে। এ সময় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দেশগুলোর মধ্যে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানও আগত প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
শপথ ও সাক্ষাৎ পরবর্তী চিত্র
উল্লেখ্য, বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাঁর সঙ্গে নতুন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেছেন। শপথ শেষে সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয়ে দাপ্তরিক কাজ শুরু করার কথা রয়েছে তাঁর।