শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে তিনি তাঁর নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মরহুম নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ জিয়ারত ও মোনাজাত করেন।
জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে আসার আগে প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বেলা ১১টার দিকে তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এরপর তিনি তাঁর মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে নিয়ে আবারও স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি রাজধানীর সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন। আজ বুধবারই তাঁর প্রথম দাপ্তরিক কার্যদিবস শুরু হতে যাচ্ছে। সূচি অনুযায়ী:
দুপুর ১২:৩০ মিনিট: সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে প্রবেশ।
বিকেল ৩:০০ মিনিট: নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক মন্ত্রিসভা (ক্যাবিনেট) বৈঠক।
বিকেল ৪:০০ মিনিট: বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সাথে বিশেষ মতবিনিময় সভা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। প্রায় দুই যুগ পর ক্ষমতায় আসীন বিএনপির নেতৃত্বাধীন এই নতুন সরকারের যাত্রা ঘিরে সারা দেশে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।