বিগত সময়ের অনিয়ম দূর করে জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন সরকারের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অঙ্গীকার করেন।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, “আমাদের আসলে সবার আগে ইমেজ বিল্ডআপ করতে হবে— যে আমরা মানুষের সেবক, আমরা মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি। আমরাই পারব দেশে ভবিষ্যতে অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন নিয়ে আসতে।” তিনি জোর দিয়ে বলেন যে, ক্ষমতার দাপট নয় বরং সেবার মানসিকতাই হবে এই সরকারের মূল ভিত্তি।
মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন:
অনিয়ম উচ্ছেদ: বিগত সময়ে যে অনিয়মগুলো হয়েছে, সেগুলো দূর করে মন্ত্রণালয়কে স্বচ্ছ ও গতিশীল করা হবে।
সবার জন্য বাংলাদেশ: এমন একটি কাঠামো (স্ট্রাকচার) তৈরি করা হবে যা সকলের জন্য একটি বাসযোগ্য ও উন্নত বাংলাদেশ গড়তে সহায়ক হবে।
ত্রুটি শনাক্তকরণ: মন্ত্রণালয়ের বর্তমান কাজের ল্যাকিংস বা সমস্যাগুলো দ্রুত আইডেন্টিফাই করে তা কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে।
ফারজানা শারমিন পুতুল জানান, বেশ কিছু যুৎসই (এপ্রোপ্রিয়েট) পরিকল্পনা নিয়ে তাঁরা এগোচ্ছেন। তিনি গণমাধ্যমকর্মী ও দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন, “আপনাদের সহযোগিতা করলে আমরা এগিয়ে যেতে পারব। দায়িত্ববোধের জায়গাটা আমাদের এখন খুব তীব্র।”
উল্লেখ্য, আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলও অংশ নেবেন।