বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু: দেশের আকাশে দেখা গেছে চাঁদ

নিজস্ব প্রতিবেদক / ৯৮ বার
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
রোজার চাঁদ

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বাংলাদেশের আকাশে। ফলে কাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতেই এশার নামাজের পর শুরু হচ্ছে পবিত্র তারাবির নামাজ এবং শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা

বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার খবর নিশ্চিত করেন। তিনি জানান, দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় ও আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

লাইলাতুল কদর ১৬ মার্চ

চাঁদ দেখা কমিটির হিসেব অনুযায়ী, পবিত্র রমজান মাসের ২৬তম দিন অর্থাৎ ১৬ মার্চ (সোমবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর উদযাপিত হবে। ধর্মমন্ত্রী দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে সবার নেক আমল কবুলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।

জনজীবনে রমজানের আবহ

চাঁদ দেখার খবর ছড়িয়ে পড়ার পরপরই সারাদেশে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। মসজিদগুলোতে তারাবির নামাজের প্রস্তুতি শুরু হয়েছে। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে দেওয়া প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, আজ রাত থেকেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে প্রশাসন।


এ জাতীয় আরো খবর...