ভিসা জটিলতা নিরসন এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘মেরুদণ্ড সোজা করে’ কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তাঁর ভিশন তুলে ধরেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি—ভিসা সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সরকার পুরোপুরি অবগত। তিনি বলেন, “ভিসা জটিলতা নিরসনে সরকার অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। কীভাবে এসব সমস্যার বাস্তবসম্মত ও দ্রুত সমাধান করা যায়, তা নিয়ে আমরা রোডম্যাপ তৈরি করছি।”
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ স্পষ্ট করে বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণে বর্তমান সরকারের মেরুদণ্ড এখন অনেক শক্ত। তিনি তাঁর কূটনৈতিক দর্শনের মূল দিকগুলো তুলে ধরেন:
বাংলাদেশ ফার্স্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনের আগের প্রতিশ্রুতি ‘বাংলাদেশ ফার্স্ট’ বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধান ভূমিকা পালন করবে।
মর্যাদাপূর্ণ সম্পর্ক: সব দেশের সঙ্গে যোগাযোগ রাখা হবে, তবে তা হবে জাতীয় স্বার্থ রক্ষা করে এবং আত্মমর্যাদার সাথে।
ভিন্ন নজরে বাংলাদেশ: গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে এবার ভিন্ন নজরে দেখার সময় এসেছে।
শামা ওবায়েদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অত্যন্ত অভিজ্ঞ। আমার চেয়ে এখানকার কর্মকর্তারা অনেক বেশি অভিজ্ঞ। তাঁদের সবার মেধা ও অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই আমি এই মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই।”
প্রতিমন্ত্রী জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আইনগত ও কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে। এছাড়া দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক—উভয় ক্ষেত্রেই জাতীয় স্বার্থকে বড় করে দেখে সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।