গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দমুজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে খোর্দ্দমুজাহিদপুর গ্রামের একটি রাস্তায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে আশপাশের গ্রামবাসীরা এক জোট হয়ে তাদের ধাওয়া করে। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও দুজনকে সাধারণ মানুষ আটকে ফেলে। উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তি নিহত হন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে এবং নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।