আগামীকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ রাত ১২টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরে তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে যে, রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হবেন। শ্রদ্ধা নিবেদনের সময় তাঁর সঙ্গে ১১ দলীয় ঐক্য জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরাও উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে তিনি ভাষা শহীদদের মাজার জিয়ারত করবেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করবেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।