দীর্ঘ ১৮ মাস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশের ক্রান্তিকালে সফলভাবে দায়িত্ব পালন শেষে নিজের চিরচেনা কর্মস্থলে ফিরে গেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে তিনি পুনরায় অফিস শুরু করেন।
ইউনূস সেন্টারে পৌঁছালে ড. মুহাম্মদ ইউনূসকে এক আবেগঘন ও রাজকীয় সংবর্ধনা দেন তাঁর সহকর্মীরা। সেন্টারের কর্মকর্তা ও কর্মচারীরা ফুলের তোড়া দিয়ে তাঁদের প্রিয় অভিভাবককে বরণ করে নেন। এ সময় তিনি উপস্থিত সকলের সঙ্গে অত্যন্ত হাস্যোজ্জ্বল মুখে কুশল বিনিময় করেন।
কাজে ফেরার প্রথম দিনেই ড. ইউনূস বিভিন্ন গ্রামীণ সংগঠনসমূহ এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। ১৮ মাস রাষ্ট্রীয় দায়িত্বে থাকাকালীন কাজের বিরতির পর প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
রাষ্ট্রীয় প্রটোকল ও দায়িত্বের গণ্ডি পেরিয়ে সাধারণ জীবনে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন এই নোবেলজয়ী। ইউনূস সেন্টার নিশ্চিত করেছে যে, ড. ইউনূস চলতি মাসের শেষ নাগাদ ঢাকার গুলশানে তাঁর নিজস্ব বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন।