জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে দলীয় সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদের এই নির্বাচনে অংশগ্রহণ রাজধানীর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের একজন অন্যতম তরুণ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তিনি তাঁর উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তী সময়ে তিনি নবগঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এনসিপি সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব মেগাসিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আসিফ মাহমুদকে প্রার্থী করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দলটি। ডিএসসিসি নির্বাচনে তরুণ এই নেতৃত্বের অংশগ্রহণ তরুণ ভোটারদের মধ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।