রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

দাউদকান্দিতে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক / ৫২ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
Burn Hospital

কুমিল্লার দাউদকান্দিতে আবাসিক ভবনের গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বলদাখাল এলাকার একটি তিনতলা আবাসিক ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) এবং দুই বছর বয়সী শিশু হুররাম। দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক এরশাদ হোসাইন জানান, নিচতলার গ্যাস লাইনে লিকেজ থাকায় ঘরে গ্যাস জমে ছিল এবং সেখান থেকেই এই বিস্ফোরণটি ঘটে। দুর্ঘটনার পর দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দগ্ধদের শারীরিক অবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে জানান, জিল হকের শরীরের ৫৪ শতাংশ এবং উম্মে হুমায়রার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় এই দুইজনের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া বৃদ্ধা মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে, বিস্ফোরণ নিচতলায় সীমাবদ্ধ থাকায় ভবনের অন্যান্য তলার বাসিন্দারা নিরাপদে রয়েছেন।


এ জাতীয় আরো খবর...