সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চলাকালে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর পুলিশি হামলার ঘটনায় প্রাথমিক ব্যবস্থা হিসেবে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে ডিএমপির রমনা বিভাগ এই সিদ্ধান্ত জানায়। তবে অভিযুক্ত ডিসি মাসুদ আলমের অপসারণ দাবিতে উত্তাল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান চলাকালে দায়িত্বরত দুই মাল্টিমিডিয়া সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম উদ্দীনসহ বেশ কয়েকজন দর্শনার্থীর ওপর পুলিশ চড়াও হয় এবং তাঁদের বেধড়ক মারধর করে। মারধরের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটদুনিয়ায় তীব্র নিন্দার ঝড় ওঠে।
হামলার প্রতিবাদে এবং ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে মঙ্গলবার দুপুরে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের এই আচরণকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে দোষী কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, শুধু চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করলেই হবে না, পুরো ঘটনার নেতৃত্ব দেওয়া ডিসিকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে।
রমনা বিভাগের ডিসি মাসুদ আলম চার পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিভাগীয় তদন্তের স্বার্থে তাঁদের বর্তমানে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অধিকতর তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।