পিলখানা ট্র্যাজেডির ১৭তম বার্ষিকীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে নতুন কোনো তদন্ত কমিশন করার পরিকল্পনা সরকারের নেই। তবে অতীতে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের মাধ্যমে এই হত্যাকাণ্ডের যথাযথ ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পিলখানা হত্যাকাণ্ডের পর যে স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছিল, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। আমাদের লক্ষ্য এখন সেই সুপারিশগুলো বাস্তবায়ন করা। আমরা চেষ্টা করছি যাতে বিচার প্রক্রিয়াটি ত্বরান্বিত হয় এবং শহীদ পরিবারের সদস্যরা প্রকৃত ন্যায়বিচার পান।”
তিনি আরও উল্লেখ করেন, বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া বর্তমানে যে অবস্থায় আছে, সেখান থেকেই তা যথাযথভাবে এগিয়ে নেওয়া হবে। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং সত্য উদ্ঘাটন এবং দোষীদের শাস্তির আওতায় আনাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন। এসময় সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।