চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাষ্ট্র কাঠামোয় ‘দলীয়করণ’ বনাম ‘নিরপেক্ষতা’র বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামের বিদায় এবং নতুন সরকারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছে।
সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি মির্জা গালিব এক ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন যে, বর্তমান বিএনপি সরকার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে সেখানে ‘দলীয়’ লোককে নিয়োগ দিচ্ছে। অথচ তাজুল ইসলাম ও তাঁর দল জীবনের ঝুঁকি নিয়ে জুলাই গণহত্যার বিচারের কাজ একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই তাজুল ইসলামের জায়গায় অ্যাডভোকেট আমিরুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ভিডিওতে প্রশ্ন তোলা হয়েছে, তাজুল ইসলাম নিজে কি আদৌ নির্দলীয় ছিলেন? তাঁর প্রোফাইল বিশ্লেষণ করলে দেখা যায়:
তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন।
তিনি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আওয়ামী লীগ শাসনামলে তিনি ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের পক্ষে অন্যতম প্রধান আইনজীবী ছিলেন।
এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তীকালীন সরকার যখন তাঁকে নিয়োগ দিয়েছিল, তখন কি তা ‘দলনিরপেক্ষ’ ছিল?
ভিডিওর ভাষ্যমতে, গত ১৫ বছরের আওয়ামী শাসনামলে প্রশাসন ও বিচার বিভাগের দলীয়করণের অভিযোগ থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু নিয়োগও ছিল প্রশ্নবিদ্ধ। সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান (যিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন) এবং প্রশাসনের আরও বেশ কিছু কর্মকর্তার দলীয় ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও তাঁদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল।
বিপ্লবের অন্যতম লক্ষ্য ছিল ‘মেরিটোক্যাসি’ বা মেধাতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে, নিজের দলের বা পছন্দের লোক নিয়োগ হলে আমরা তাকে ‘নিরপেক্ষ’ বলি, আর অন্য কেউ এলে তাকে ‘দলীয়করণ’ হিসেবে আখ্যা দেই। এই ‘সুবিধাবাদিতা’র সংস্কৃতি থেকে বেরিয়ে না এলে চব্বিশের বিপ্লবের মূল অঙ্গীকার বাস্তবায়ন সুদূরপরাহত হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।