রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

১৩ ঘণ্টার ব্যবধানে আবারও মৃদু ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক / ৫২ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের বিভিন্ন এলাকায় প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই কম্পন অনুভূত হওয়ায় জনমনে আতঙ্ক আরও ঘনীভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭ এবং এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্য। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হওয়ায় এর প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকায়।

এর আগে গত বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে মিয়ানমারে সৃষ্ট ৫.১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশ কেঁপে উঠেছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সেই কম্পনটির গভীরতা ছিল ১২৯ কিলোমিটার। মাত্র এক রাতের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প এবং চলতি ফেব্রুয়ারি মাসে মোট ৯ বার দেশ কেঁপে ওঠার ঘটনাকে বিশেষজ্ঞরা বড় কোনো দুর্যোগের অশনিসংকেত হিসেবে দেখছেন। ভূতত্ত্ববিদদের মতে, ছোট ছোট এই কম্পনগুলো প্রমাণ করছে যে ভূ-অভ্যন্তরে বড় ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং টেকটোনিক প্লেটগুলোতে শক্তি জমা হচ্ছে, যা ভবিষ্যতে বড় কোনো বিপর্যয়ের কারণ হতে পারে। বর্তমান পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা এবং বিল্ডিং কোড মেনে চলা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।


এ জাতীয় আরো খবর...