জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের গণতান্ত্রিক ধারাকে টেকসই করতে আগামী সংসদে দ্রুততম সময়ের মধ্যে ‘সংস্কার পরিষদ’ গঠন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার এ পর্যন্ত যতগুলো আইন ও অধ্যাদেশ পাস করেছে, সংসদ সেগুলোকে ইনডেমনিটি বা আইনি সুরক্ষা দিয়ে অনুমোদন করবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠে জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে জুলাই সনদের চেতনা এবং গণভোটের রায় বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বলেন, “ফ্যাসিবাদ বিলোপ করে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। জুলাই বিপ্লবের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। গুম ও গণহত্যার সাথে জড়িত ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করা আমাদের প্রধান অঙ্গীকার। আমরা এখন বিচার দাবিতে রাজপথে সরব রয়েছি।”
দলের মূলমন্ত্র তুলে ধরে তিনি বলেন, “আমাদের আজকের স্লোগান হচ্ছে—বিপ্লব, বিকল্প এবং বিনির্মাণ। আমরা বিশ্বাস করি, বিপ্লবের শক্তি থেকেই একটি রাজনৈতিক বিকল্প তৈরি হয়েছে, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে। এনসিপির পথচলা মাত্র এক বছরের হলেও এর পেছনে একটি বিশাল ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে।”
তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, “খুব শীঘ্রই দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করছি। সারাদেশের এনসিপি কর্মীদের প্রতি আহ্বান থাকবে—আপনারা এখনই নির্বাচনের প্রস্তুতি নিন। আমরা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই।”
তিনি আরও উল্লেখ করেন যে, গত নির্বাচনে এনসিপি ছয়টি আসনে জয়লাভ করলেও দল এতে সন্তুষ্ট নয়। আগামী নির্বাচনে এই জয়ের ধারা আরও বড় আকারে বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।