দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ ও ভাগ্য পরিবর্তনের লক্ষে সকল রাজনৈতিক দলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে অত্যাচার, গুম ও নির্যাতনের শিকার হয়ে মানুষ যে গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে, তার মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে।”
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নির্বাচন পরবর্তী এই সময়কে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আজ রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। হাজারো মানুষের আত্মত্যাগ এবং লক্ষ মানুষের নির্যাতনের বিনিময়ে আমরা আজ বাক-স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ ফিরে পেয়েছি। এই ত্যাগের মহিমা যেন বৃথা না যায়, সেজন্য আমাদের আল্লাহর কাছে রহমত ও তৌফিক চাইতে হবে।”
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান একই টেবিলে বসে ইফতার করেন। ইফতারের আগে তারা কুশল বিনিময় করেন এবং দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। ইফতারে আমন্ত্রণ জানানোর জন্য জামায়াত নেতৃত্বের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
ইফতার মাহফিলে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মিলনমেলা ঘটে। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এলডিপির সভাপতি ড. অলি আহমদ এবং ডাকসু ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন দলের সংসদ সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ।