যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (১ মার্চ) সকালে তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শোক ও উদ্বেগ প্রকাশ করেন।
ইরানি জনগণের প্রতি সমবেদনা
ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, “শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।”
ভয়াবহ পরিণতির আশঙ্কা
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “এই পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। বর্তমান উত্তেজনা যদি আরও বৃদ্ধি পায়, তবে তা কেবল একটি দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।” পবিত্র রমজান মাসে এ ধরনের হামলা বিশ্বশান্তিকে আরও বিপন্ন করবে বলে তিনি মন্তব্য করেন।
সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান
তিনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, “কূটনৈতিক সমাধানের পথেই এই সংকটের নিরসন হওয়া উচিত। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।”
বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের এখনই কার্যকর এবং দৃশ্যমান ভূমিকা নেওয়ার জন্য জোরালো আহ্বান জানান বিরোধীদলীয় এই নেতা।