ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির সামরিক কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে রাজপথে নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার (১ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে।
আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘনের অভিযোগ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, খামেনিসহ শীর্ষ নেতৃত্বের ওপর এই হামলা আন্তর্জাতিক আইনের চরম পরিপন্থী এবং এটি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাকে আরও ভয়াবহ করে তুলবে। এই ‘বর্বরোচিত’ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতেই কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শীর্ষ নেতাদের অংশগ্রহণ দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে জানিয়েছেন, বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভে জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন।
বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের এই সংকট বিশ্বশান্তিকে বিপন্ন করছে। তাই এই হামলার তীব্র প্রতিবাদ জানানো এখন ঈমানি ও নৈতিক দায়িত্ব। কর্মসূচি সফল করতে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের যথাসময়ে মিছিলে যোগ দেওয়ার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের সহযোগিতা ও সংবাদকর্মীদের উপস্থিতিও কামনা করেছে দলটি।