রাজধানীর কদমতলী থানার শনির আখড়া এলাকায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মিন্টু (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পেশায় ইলেকট্রিশিয়ান মিন্টু রোববার রাতে শনির আখড়া এলাকায় একটি বাসায় কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রেশমা আক্তার কান্নায় ভেঙে পড়ে জানান, তার স্বামী এলাকায় ফ্রিল্যান্স ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো কাজে গিয়েই এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়ার জন্য বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।