প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের দেশপ্রেম ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সমুদ্র উপকূল ও নদীতীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং চোরাচালান রোধে কোস্টগার্ড আস্থার প্রতীকে পরিণত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসেবামূলক কাজে কোস্টগার্ডের ভূমিকা সবসময়ই প্রশংসনীয়।
বৈঠকে মহাপরিচালক বাহিনীর চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আধুনিকায়নের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন যে, কোস্টগার্ডের উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আধুনিক প্রযুক্তিতে বাহিনীকে আরও শক্তিশালী করা হবে।
আঞ্চলিক উত্তেজনার এই সময়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে ব্লু-ইকোনমি রক্ষা এবং সমুদ্রসীমায় নজরদারি বৃদ্ধিতে কোনো প্রকার ছাড় না দেওয়ার নির্দেশনা দেন তিনি।