সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (৪ মার্চ) ভোরে শ্রীফলতলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত এশার আলীকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৬টার দিকে শ্রীফলতলা গ্রামের ওই গৃহবধূ প্রতিদিনের মতো বাড়ির কাছে করতোয়া নদীতে পানি আনতে যান। নির্জনতার সুযোগ নিয়ে একই গ্রামের মৃত এশার আলী ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। নির্যাতনের শিকার ওই নারীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও গ্রামবাসী এগিয়ে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করেন।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত এশার আলীকে ঘেরাও করে আটক করে। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয় এবং শাহজাদপুর থানা পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্যাতনের শিকার ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় এশার আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।