বিদ্যুৎ সাশ্রয়ের বার্তা দিতে সচিবালয়ে নিজের দফতর থেকেই উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দেন এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা কমিয়ে দেন। একই সঙ্গে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দফতরে প্রবেশ করেন। অফিসে ঢুকেই তিনি নিজের কক্ষের প্রায় ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করেন, যা বিদ্যুৎ সাশ্রয়ে সহায়ক।
তিনি আরও জানান, মন্ত্রিসভার বৈঠকে অংশ নিতে মন্ত্রিপরিষদ কক্ষে প্রবেশ করেও প্রধানমন্ত্রী কক্ষের অর্ধেক লাইট বন্ধ করতে এবং এসির তাপমাত্রা কমিয়ে দিতে নির্দেশ দেন।
সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয় অবস্থিত। এ ভবনে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ কাজ করে থাকে।
প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পরপরই তার দফতরের সব কক্ষেই অর্ধেক লাইট বন্ধ রাখা এবং এসির তাপমাত্রা কমানোর নির্দেশ কার্যকর করা হয়।
এদিকে বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা বাড়াতে প্রধানমন্ত্রী সারাদেশের সরকারি অফিস-আদালত, বেসরকারি প্রতিষ্ঠান, শপিংমল ও বিপণিবিতানসহ সব জায়গায় অপ্রয়োজনীয় লাইট ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন। দিনের বেলায় পর্দা সরিয়ে প্রাকৃতিক সূর্যালোক ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন তিনি।