জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর-এর নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) রাতে দলের দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় পল কাপুরের সঙ্গে এনসিপি নেতাদের যে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে। তবে বৈঠক স্থগিতের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাত আটটার পর দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান পল কাপুর। তার এই সফর নিয়ে মার্কিন দূতাবাস ঢাকা গত সোমবার এক বিবৃতিতে জানায়, সফরের উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা।
সফরকালে পল কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়। এসব বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।