‘জনগণ আমাকে বিনা পয়সায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছে, তাই তাদের বিনা পয়সায় সেবা দেওয়া আমার নৈতিক দায়িত্ব ও বাধ্যবাধকতা।’ গত মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি যুক্ত হয়ে এমনটাই জানালেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। নির্বাচনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তিনি এই উদ্যোগ নেন।
ফেসবুক লাইভে হাসনাত আবদুল্লাহ গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর তার গত তিন সপ্তাহের কাজের ফিরিস্তি তুলে ধরেন। তিনি জানান, এই অল্প সময়ে তিনি এলাকার চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম ও সরকারি সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়েছেন।
দেবিদ্বারের রাস্তাঘাটের দুরবস্থাকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে সংসদ সদস্য জানান, সড়ক ও জনপথ অধিদপ্তর, এলজিইডি এবং পিআইও’র তত্ত্বাবধানে বেশকিছু সড়ক সংস্কার কাজ বর্তমানে চলমান রয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগেই এসব কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে ঠিকাদারদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কাজের গুণগত মান বজায় রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। একাধিক প্রকল্পের কাজ নিয়ে ধীরগতি বজায় রাখা থেকে ঠিকাদারদের বিরত থাকতে হবে।
আসন্ন ঈদ উপলক্ষে ভিজিএফ কার্ডের বরাদ্দ ও বিতরণের স্বচ্ছ তথ্যও জনগণের সামনে তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ। তিনি জানান, দেবিদ্বার পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং উপজেলার ১৫টি ইউনিয়নে ২০ হাজার ৬৩৫টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল বিতরণের প্রক্রিয়াও তিনি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার ঘোষণা দেন।
জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করতে ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজ খোলার ঘোষণা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। এই পেজের মাধ্যমেই দেবিদ্বারের সকল সরকারি বরাদ্দ ও প্রকল্পের অগ্রগতির তথ্য নিয়মিত প্রকাশ করা হবে বলে তিনি জানান। প্রতিটি কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তিনি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।