গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়া আগুনে তিন পথচারী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে ব্যস্ততম এই এলাকায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাওনা চৌরাস্তা এলাকার ‘সাহিদ সুপার ভিউ’ নামক একটি ভবনের সামনে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সাথে সাথে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ওই সময় নিচ দিয়ে হেঁটে যাওয়া তিন পথচারী আগুনের হলকায় দগ্ধ হন। আগুন দ্রুত পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে দগ্ধ তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে মাওনার আল হেরা হাসপাতালে নিয়ে যান।
আল হেরা হাসপাতালের চিকিৎসকরা দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে দগ্ধদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটির কারণে ট্রান্সফরমারটি বিস্ফোরিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।