রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

নীলফামারীতে ভিসা জালিয়াতির ‘হোম অফিস’: ডিবির জালে মূলহোতা মমিজুল

নিজস্ব প্রতিবেদক | নীলফামারী / ৫৮ বার
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

নীলফামারীতে নিজ বাড়িতে বসেই বিভিন্ন দেশের জাল ভিসা ও মুদ্রা তৈরি করে আসছিলেন মমিজুল ইসলাম (৩০)। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা এই যুবককে অবশেষে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

অভিযান ও গ্রেপ্তার:

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কুঠিপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে নিজ বাড়ি থেকে মমিজুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি চৌকস দল। তিনি ওই গ্রামের নুর হোসেনের ছেলে।

উদ্ধারকৃত সরঞ্জাম:

গ্রেপ্তারকালে মমিজুলের কাছ থেকে বিভিন্ন দেশের জাল ভিসা, জালিয়াতির কাজে ব্যবহৃত মোবাইল ফোন এবং উল্লেখযোগ্য পরিমাণ জাল মুদ্রা ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, তিনি বাড়িতেই একটি মিনি ল্যাব তৈরি করে কম্পিউটার ও বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এই জাল ভিসাগুলো তৈরি করতেন।

আইনি ব্যবস্থা:

নীলফামারী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান আজ শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মমিজুল দীর্ঘ দিন ধরে সহজ-সরল মানুষকে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। আজ শুক্রবার তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...