আসন্ন ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি ভবনে আলোকসজ্জা না করার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবং কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ৮ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এই তথ্য জানান। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
আলোকসজ্জায় নিষেধাজ্ঞার পাশাপাশি ২৫ মার্চ রাতে সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ বা অন্ধকার পালন করারও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসূচি পালিত হবে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), হাসপাতাল বা ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাস ও মিশনগুলো এই কর্মসূচির আওতার বাইরে থাকবে।