স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক বিশেষ বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (২৫ মার্চ) দেওয়া এই বাণীতে তিনি বর্তমান ও আগামীর প্রজন্মের জন্য একটি ন্যায়বিচারভিত্তিক, নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। দল-মত ও পথের পার্থক্য ভুলে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি তাঁর বাণীতে দেশে ও প্রবাসে থাকা সকল বাংলাদেশিকে উষ্ণ অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের। তিনি কৃতজ্ঞচিত্তে উল্লেখ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ সেইসব বীর মুক্তিযোদ্ধা, সংগঠক এবং অগণিত সাধারণ মানুষের কথা, যাঁদের ত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন ভূখণ্ড অর্জিত হয়েছে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের এই অসামান্য ত্যাগই আমাদের একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্র গড়ার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। স্বাধীনতার প্রকৃত লক্ষ্য—অর্থাৎ রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠাই এখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন এবং বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক ও জ্বালানি সংকটের প্রভাব আমাদের ওপরও পড়েছে। তবে সরকার অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে এই পরিস্থিতি মোকাবিলা করে একটি গতিশীল বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। একটি সুখী-সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাকে তিনি পবিত্র কর্তব্য হিসেবে উল্লেখ করেন এবং এই লক্ষ্য অর্জনে দৃঢ় জাতীয় ঐক্য ও প্রগাঢ় দেশপ্রেমের ওপর বিশেষ জোর দেন।