আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর বিচারক ও প্রসিকিউটরদের নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ‘পাটোয়ারী বাবু’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
একই সঙ্গে ওই বিভ্রান্তিকর পোস্টে যারা লাইক, কমেন্ট এবং শেয়ার করেছেন, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
অভিযুক্ত পাটোয়ারী বাবু তার ফেসবুক পোস্টে দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় মৃত্যুদণ্ড নিশ্চিত করতে আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রসিকিউটর তাজুল ইসলাম এবং বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারসহ সংশ্লিষ্টরা বিভিন্ন দেশ ও গোষ্ঠীর কাছ থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা গ্রহণ করেছেন। পোস্টে আরও দাবি করা হয়, সিসিটিভি ফুটেজ গায়েব করা হয়েছে এবং প্রসিকিউটর তাজুল ইসলাম দেশ ছেড়ে পালিয়েছেন।
ট্রাইব্যুনাল এই পোস্টটিকে আদালত অবমাননা এবং বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চরম বহিঃপ্রকাশ হিসেবে আমলে নিয়েছেন। আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে কেন অবমাননার অভিযোগ আনা হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর (Show Cause) নির্দেশও দিয়েছেন।
আদেশের পরপরই বিশেষ প্রসিকিউটর তানভীর জোহার নেতৃত্বে রাজধানীর উত্তরায় অভিযান চালায় পুলিশ। অভিযানে অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া না গেলেও অপরাধে ব্যবহৃত মোবাইল ডিভাইসটি জব্দ করা হয়েছে।